শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ অগাস্ট (১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)’র ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনার কপি প্রকাশ করা হয়।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পাশাপাশি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।
এতে আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।
সরকার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরাবরের মতোই বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
দিক বার্তা / এমআরইউএস / ২৩ আগস্ট ২০২৬
